পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুভাঙা গ্রামের প্রণব হালদার এই প্রথম পরীক্ষামূলকভাবে আপেল চাষ করছেন। তিনটি জাতের ৬০টি চারা দিয়ে বাড়ির সামনে ৫৫ শতাংশ জমিতে আপেলসহ মিশ্র ফলের বাগান করেছেন প্রণব।
মেডিক্যাল টেকনোলজিতে পড়াশোনা শেষ করে বাড়িতেই শুরু করেন আপেলের চাষ। দুই বছর আগে বাগানে রোপণ করা গাছে ফুল ও ফল ধরেছে। কৃষি বিভাগের তথ্য মতে নাজিরপুর উপজেলায় এটিই প্রথম আপেলের বাগান।
আপেল চাষি প্রণব হালদার জানান, কয়েক বছর আগে ফেসবুক গ্রুপ থেকে প্রথম জানতে পারি বাংলাদেশেও আপেল চাষ করা সম্ভব। এরপর ২০১৮ সালের ডিসেম্বরে হরিমন ৯৯ জাতের ৫০টি আপেলের চারা সংগ্রহ করে চাষ শুরু করি। পরে বাংলাদেশে ফলবে আরো দুটি জাতের চারা ‘আনা (ইজরায়েল)’ ও ‘ডরসেট গোল্ডেন (বাহামাস)’ সংগ্রহ করে রোপণ করি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা বলেন, সাধারণত আপেল শীতপ্রধান দেশে চাষ করা হয়। তবে আমাদের দেশে এখন আপেল চাষ করা সম্ভব। প্রণবের আবাদ করা জাতের চারাগুলো বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। নাজিরপুর উপজেলায় এটিই প্রথম আপেলের বাগান। এখানে দুই বছর বয়সে গাছে ফুল ও ফল এসেছে।
