রাঙামাটির বরকল উপজেলার বড় হরিণা এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১ মে) রাত ১১ টায় উত্থান ছত্রাছড়া এলাকায় অভিযান চালানো হয়। ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।
বিজিবি সূত্রে জানা যায়, এলাকা তল্লাশি করে ৩ টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ১টি এবং ব্যক্তিগত মালামাল উদ্ধার করা হয়। বিজিবি টহল টিমের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শফিকুর রহমান ইত্তেফাককে বলেন, রাত ১১টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বড় হরিণা বিওপি’র উথান ছত্রাছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। টহল দলটি রণকৌশল অবলম্বন করে তাৎক্ষণিক-ভাবে তিনটি উপদলে বিভক্ত হয়ে সন্ত্রাসীদের পিছনে ধাওয়া করে। উক্ত স্থানে সন্ত্রাসীগ্রুপ টহলদলের উপস্থিতি টের পেয়ে ঘন পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি বর্তমানে ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে যা বরকল থানায় জমা করার প্রক্রিয়া চলছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো মূল্যে আন্তঃ সীমানা স্মাগলিং ও দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করা হবে।
