ভালোবাসায় সিক্ত অলরেডরা

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:২৮

টটেনহ্যামকে হারিয়ে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা লিভারপুল দল রবিবার শিরোপা নিয়ে নিজ শহরে ফিরেছে। এ সময় কোচ য়ুর্গেন ক্লপের দলকে বরণ করে নেয় প্রায় সাড়ে সাত লাখ ভক্ত। এদিকে টানা দুই মৌসুমে ইউরোপীয় ফুটবলে দারুণ নৈপুণ্য দেখানোর পর জার্মান কোচটির চুক্তি নবায়নে আগ্রহ দেখিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ।

২০০৪-০৫ মৌসুমে ইস্তাম্বুলের সেই মহাকাব্যিক ফাইনালে শিরোপা জেতার ১৪ বছর পর আবারো ইউরোপ সেরা হওয়ায় খেলোয়াড়-সমর্থকদের উদযাপনটাও ছিল দেখার মতো। রবিবার বিকালে মার্সিপাড়ের শহরটি পরিণত হয়েছিল লাল সমুদ্রে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসেব অনুযায়ী প্রায় সাড়ে সাত লাখ অলরেড ভক্ত হাজির হয়েছিল দলটির শিরোপা উদযাপনে।

দলের দায়িত্ব নেওয়ার চার মৌসুমে লিভারপুলকে আরো তিনবার শিরোপা জেতানোর খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ক্লপ। ঘরোয়া কাপের পাশাপাশি আরো দুবার ইউরোপীয় শিরোপার খুব কাছাকাছি গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি দলটির। অবশেষে দলটিকে যখন শিরোপা জেতালেন জার্মান কোচ, তার কৃতজ্ঞতা স্বীকারে এবার চুক্তি নবায়ন করতে চায় মার্সিপাড়ের দলটি। তবে ক্লপের সঙ্গে ২০২২ সালে শেষ হতে যাওয়া চুক্তিটি লিভারপুল কত বছরের জন্য নবায়ন করবে তা এখনো পরিষ্কার জানা যায়নি।