ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তাদের পক্ষ থেকে জানানো, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সন্ধ্যা ৬টার পূর্বাভাসে এ কথা জানা যায়।
বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে তাপমাত্রাও। ২ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালি, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সোমবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৫৪% থাকলেও মঙ্গলবার সন্ধ্যায় তা ছিল ৭৬%। পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি কমতে পারে এবং আগামী ৫ দিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি সৃষ্টি হলেই সেটির এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমক বা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
