সিরাজগঞ্জে এসিআই’র গোডাউনে আগুন

আপডেট : ০৪ মে ২০২২, ১৪:৪৩

সিরাজগঞ্জে এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেডের ভাড়া নেয়া গোডাইনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন গোডাউন মালিক। বুধবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাইর মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ পড়া শেষে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বেরুতে দেখে মুসল্লিরা মসজিদের মাইকে মহল্লাবাসীকে ডাকেন। গ্রামবাসী আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

গোডাউন মালিক ব্যবসায়ী নূর কায়েম সবুজ বলেন, এসিআই গোদরেজ প্রাইভেট লি. কে গোডাউনটি ভাড়া দেয়া হয়েছে। তারা সেখানে মুরগীর খাদ্য মজুদ রেখেছেন। এখানে কোন বৈদ্যুতিক সংযোগ নেই। তারপরও কিভাবে আগুন লাগলো সেটা বুঝতে পারছি না। এ অগ্নিকাণ্ডে গুদামে অবকাঠামোই প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। এছাড়াও বিপুল পরিমাণ মুরগীর খাদ্য নষ্ট হয়েছে। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, ভোরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রণের চেষ্টা করে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ছাঁইয়ের ভেতরে থাকা আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। 

 

ইত্তেফাক/এআই