মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরলো দুই বন্ধুর প্রাণ

আপডেট : ০৪ মে ২০২২, ২২:১৫

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যা ৬ টার দিকে মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে সড়কের পাসের একটি বিদ্যুৎ এর খুটির সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২৭) এবং বাবর আলীর ছেলে সাগর (২৬)। তারা দুজনই ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে সূত্রে জানা গেছে, তারা দুজন  দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মনির খানের সাথে দেখা করার জন্য মনিরখানের গ্রামের বাড়ি মদনপুর যাচ্ছিলেন। মদনপুর পৌঁছালে তাদের মোটরসাইকেল (অ্যাপাচি আরটিআর) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে বৈদ্যুতিক পিলারের (খুঁটি) সঙ্গে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক উত্তম কুমার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই আলতাফ হোসেন জানান, তারা দুই বন্ধু ঈদ আনন্দে ঘুরতে বের হয়ে ছিলো।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ চৌগাছা সরকারি হাসপাতালে রয়েছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, নিহতের স্বজনরা আমাকে জানায়নি। আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি মহেশপুর সীমন্তের কাছে চৌগাছা উপজেলায়। 

ইত্তেফাক/জেডএইচডি