সুটকেস থেকে ব্যবসায়ীর মাথা ও পাবিহীন লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫১

টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর মহিলা মাদ্রাসার কাছ থেকে সোমবার সকালে এক ব্যবসায়ীর মাথা ও পাবিহীন লাশ উদ্ধার হয়েছে। নিহত ব্যবসায়ী টাঙ্গাইল পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেড়াবুচনা এলাকার মহর আলী।

টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, কাজীপুর মহিলা মাদ্রাসার কাছে একটি সুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সুটকেসের ভেতর থেকে মাথা ও পা-বিহীন লাশটি উদ্ধার করে। লাশটি বেড়াবুচনা গ্রামের মহর আলীর বলে তার পরিবারের সদস্যরা শনাক্ত করেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম জানান, রবিবার বিকেলে মহর আলী নিখোঁজ হন। রাতেই টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরের দিন তার লাশ পাওয়া যায়।