মুন্সীগঞ্জের শ্রীনগরে বিয়ে বাড়িতে কনের নাকফুলকে কেন্দ্র করে সংঘর্ষে বর ও বরের ভাইসহ ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে বরপক্ষের প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ঢালীপাড়া গ্রামের মো. লিটন শেখের মেয়ের বিয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার হাঁসাড়ার ঢালীপাড়া গ্রামের মো. লিটনের মেয়ে লামিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মুন্সীপাড়ার জাকির হোসেনের ছেলে মো. ওয়াহিদের পারিবারিকভাবে বিয়ের দিন তারিখ ঠিক হয়। এরই ধারাবাহিকতায় বিয়ের দিন বিকালে বর পক্ষ হাঁসাড়ায় কনের বাড়িতে আসে। খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বিয়ে পড়ানোর আগে কনের নাকফুলের তলসা ছোট হওয়ায় কনেপক্ষের লোকজন প্রশ্ন তোলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বর ওয়াহিদ ও তার বড় ভাই রাসেলসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিন রাতে বরের ভাই অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
