বান্দরবানের থানচিতে সোমবার সকালে নিখোঁজ ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছেন পুলিশ। তার নাম মোহাম্মদ আইয়ুব (৫৫)। এ ঘটনায় গ্রেফতার দুজন জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।
নিহতের ভাই মোহাম্মদ আক্কাস বলেন, গত ১২ মে মোহাম্মদ আইয়ুব কসমেটিকস, চুড়িসহ বিভিন্ন জিনিস নিয়ে ফেরি করতে থানচির উদ্দেশে ঘর থেকে বের হন। জিনিসপত্র বিক্রি করে গত ১৪ মে ফেরার পথে নিখোঁজ হন। খোঁজ না পেয়ে প্রথমে লোহাগাড়া থানায় এবং থানচি থানায় অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার দুজনের তথ্যমতে ঝিরি থেকে ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি জাবায়েরুল হক জানান, মালামাল বিক্রি করে ফেরার পথে থানচির চমিপাড়ায় কুপিয়ে মোহম্মদ আইয়ুবকে হত্যা করা হয়। হত্যার পর লাশ জঙ্গলে ফেলে নগদ টাকা এবং জিনিসপত্র নিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় গ্রেফতার চাই অং পা ম্রো এবং তাইরু ম্রো পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এদের বিরুদ্ধে থানচি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
