বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট নেই 

আপডেট : ০৮ মে ২০২২, ১২:০০

ঈদের ছুটির পর উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহনের জন্য যাত্রীদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। কড্ডার মোড়, হাটিকুমরুল গোল-চত্বর এলাকায় যানবাহন না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে ঢাকামুখী যাত্রীদের।  

অপরদিকে, জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যে যেভাবে পারছে কর্মস্থলে ফিরছেন মানুষ। এছাড়াও মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপও বেড়েছে। যানবাহনের জন্য নলকা, হাটিকুমরুল গোল-চত্বর, ঝাউল ওভার ব্রিজ ও কড্ডার মোড় অপেক্ষা করছেন হাজার হাজার যাত্রী। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। 

জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যে যেভাবে পারছে কর্মস্থলে ফিরছেন মানুষ

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, সকাল থেকে ঢাকামুখী লেনে যানবাহনের চলাচল বেড়েছে। এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। যানবাহন নিরাপদ ও যানজটমুক্তভাবে চলাচলের জন্য আমরা মহাসড়কে কাজ করছি। 

সকাল থেকে ঢাকামুখী লেনে যানবাহনের চলাচল বেড়েছে

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বলেন, হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় এলাকায় গাড়ির চাপ একটু বাড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। মহাসড়কের এই পরিস্থিতিতে যাত্রীসহ এলাকার সচেতন মহল সড়ক বিভাগ ও পুলিশ বিভাগের প্রশংসা করেছে। 

 

ইত্তেফাক/এআই