লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মো. রাব্বি ও মো. হৃদয় নামে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দুপুর ১টার দিকে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এতে রাব্বিকে হৃদয় সহযোগীতা করে। পরে ছাত্রীকে লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় এনে রাখে।
সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। দুইদিন বাসায় আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক রাব্বি তাকে একাধিকবার ধর্ষণ করে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রীর মামা র্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামিম হোসেন বলেন, ছাত্রীর মামা গ্রেফতার দুইজনের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীর্ঘ ১৯ বছর পালিয়েও রক্ষা হলো না, ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
কোটি টাকার সড়কে ১৫ দিনেই ধস!