আগামী মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তবে এই সফরে টাইগারদের সঙ্গে যাবেন না স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ক্রিকবাজকে তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
শ্রীলঙ্কার পরিস্থিতি ভালো নয়। এ সময়ে পরিবারকে সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন হেরাথ। বিসিবির কাছে আগে থেকেই না কি ছুটি চেয়ে রেখেছেন লঙ্কান কিংবদন্তী।
আগামী ৬ জুন বাংলাদেশ ছাড়তে পারে টাইগাররা। সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১৬-২০ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট এবং ২৪-২৮ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট।
এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ১০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

