ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে শুক্রবার গৌরনদী উপজেলার টরকীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩ হাজার ৬০ লিটার তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বন্দরের আনন্দ স্টোরের মালিক আনন্দ রায়কে ১ লাখ, ভোলানাথ রায়কে ৫০ হাজার ও মৃত্যুঞ্জয় সাহাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের মূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হয়। সকালে বরিশাল র্যাব-৮ এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
