কলম্বোতে ২৭ ডিগ্রি, চট্টগ্রামে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা চট্টগ্রামেই বেশি ছিল। দিন শেষ সংবাদ সম্মেলনে কুশল মেন্ডিস জানালেন, এখানে গরম অনেক বেশি। শ্রীলঙ্কার চেয়েও বেশি।
এমন তপ্ত রোদে দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে গতকাল ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে সফরকারী দল। যার মূল রসদ জুগিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরি। দিন শেষে ম্যাথুস ১১৪ ও চান্দিমাল ৩৪ রানে অপরাজিত।
সাগরিকায় এখন নির্ভেজাল ব্যাটিং উইকেট। স্পিনারদের দুই-একটা বল বাড়তি বাউন্স, টার্ন পাচ্ছে। তবে সেটা কদাচিত্। এমন উইকেটে ভালো কিছু করতে প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে হবে। সেই পথেই আছে শ্রীলঙ্কা। দিন শেষে সাজঘরে ফেরার আগে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করা ম্যাথুস বারবার গুরুত্ব দিলেন, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার দিকে।
অভিজ্ঞ এ ব্যাটসম্যান গতকাল ব্রডকাস্টারদের বলেছেন, ‘এখনো খুব ভালো উইকেট। তাই প্রথম ইনিংসের রান খুবই গুরুত্বপূর্ণ। দিন যত যাবে উইকেট অবশ্যই ভাঙবে। প্রথম ইনিংসের স্কোর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর আমাদের স্পিনাররা খেলায় আসবে।’
ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনে উইকেটে টার্ন বাড়বে বলে আশা ৩৪ বছর বয়সি এ লঙ্কান ব্যাটসম্যানের। ব্যক্তিগত ৬৯ রানে তাইজুলের বলে মাহমুদুল হাসানের কাছে জীবন পেয়েছিলেন ম্যাথুস। কুশল মেন্ডিসের সঙ্গে ৯২, চান্দিমালের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৫ রানের গড়েন তিনি। তার সেঞ্চুরিতেই প্রথম দিনের স্কোরে তুষ্ট সফরকারীরা। প্রথম ইনিংসে ৪০০ বা ৫০০ রানকে ভালো স্কোর বলছেন কুশল মেন্ডিস।
গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুসের প্রশংসা করে কুশল বলেন, ‘সে খুবই ভালো খেলেছে। শ্রীলঙ্কা দলের সবচেয়ে সিনিয়র সে। দাপুটে ইনিংস খেলেছে। আমার মনে হয় এটা ভালো হবে যদি সে কাল (আজ) এটাকে ১৫০, ২০০ তে নিতে পারে।’
বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করেছেন কুশল। সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় শট খেলতে পারেননি বলে উল্লেখ করেন তিনি। কন্ডিশনে মিল থাকায় বাংলাদেশের পেসার, স্পিনারদের সামলানোর আত্মবিশ্বাস নিয়েই খেলেন কুশল। গতকালও ৫৪ রান করেছেন তিনি।
