দেশে প্রতি তিনজনে ১ জন লিভার রোগে আক্রান্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:০৯

দেশে প্রতি ৩ জনে একজন লিভার রোগে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, একই সঙ্গে  ফ্যাটি লিভারে  আক্রান্ত রোগীর  সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি লিভার রোগীদের  চিকিত্সায়  একটি স্বতন্ত্র লিভার ইনস্টিটিউট  স্থাপনের  ওপর  গুরুত্ব  আরোপ করেন তারা।

গতকাল বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও  হোটেলে  দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক লিভার সম্মেলনের এক ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা। এসময় হেপাটোলজি  সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. শাহিনুল আলম বলেন, দেশে হেপাটাইটিস বি, সি ও ফ্যাটি লিভার ছাড়াও সারাবছর হেপাটাইটিস ই ভাইরাসের প্রাদুর্ভাব চলতেই থাকে। এ বছর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চট্টগ্রামে হেপাটাইটিস ই ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। তিনি বলেন, আমাদের দেশে ১ কোটি ক্রনিক হেপাটাইটিস এবং সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। দেশের প্রতিটি নগর হেপাটাইটিস ই ভাইরাসের মহামারী ঝুঁকিতে আছে। সেটা মোকাবিলা করার জন্য আমরা প্রযুক্তিগতভাবে প্রস্তুত নই। লিভার রোগের এমন প্রবণতা মোকাবিলা করার জন্য অনতিবিলম্বে দেশে একটি স্বতন্ত্র লিভার ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা জরুরি এবং দেশে এক হাজার লিভার বিশেষজ্ঞ প্রয়োজন। বর্তমানে দেশের লিভার বিশেষজ্ঞের সংখ্যা একশ’রও নিচে। অর্থাত্ প্রতি বিশ লাখে একজন মাত্র লিভার বিশেষজ্ঞ আছেন।

গতকাল প্রথম পর্বে হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে আন্তর্জাতিক লিভার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিক, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ,  কোষাধ্যক্ষ ডা. গোলাম মোস্তফা, ডা. শাহিনুল আলম,  ডা. গোলাম আজম ও ডা. মোতাহার হোসেন।

আন্তর্জাতিক সম্মেলনটির বৈজ্ঞানিক অধিবেশনে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূল, হেপাটাইটিস সি ভাইরাস নিরাময়, ফ্যাটি লিভার প্রতিরোধ, শিশু ও গর্ভবতী মায়েদের লিভার রোগের চিকিত্সা সম্পর্কে শীর্ষ স্থানীয়  লিভার বিশেষজ্ঞরা আলোচ্না করেন। মিসরের লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল ওয়াহাব আলী একটি উন্নয়নশীল দেশ মিসরের লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার স্থাপনের প্রেক্ষিতে বাংলাদেশেও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার চালু করার বিষয়ে প্রযুক্তিগত পরামর্শ দেন। লিভার রোগ নির্ণয়ে ইমেজিং বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করেন হায়দ্রাবাদের ইআরসিপি বিশেষজ্ঞ অধ্যাপক নাগেশ্বর রেড্ডি ও জাপানের এম আর আই বিশেষজ্ঞ হীরনাও অকোবো। আন্তর্জাতিক সম্মেলনটি দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

লিভার বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অধ্যাপক কুমার বিশ্বনাথান, ফ্রান্সের রেলোকা পাইস, সিঙ্গাপুরের প্রফেসর লিম সিং, যুক্তরাজ্যের প্রফেসর ইমানোয়েল সোসাজ্জীস, প্রফেসর অনীল ধাওয়ান, ডা. অনীতা ভার্মা, ডা. অনীতা ব্যানার্জী। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের দুই সহস্রাধিক বিশেষজ্ঞ চিকিত্সক অংশগ্রহণ করেন।