পুলিশের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আসামির স্ত্রী আটক

আপডেট : ১৭ মে ২০২২, ০০:৫৯

চট্টগ্রামের লোহাগাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আসামি কবির আহমদের স্ত্রী রুবি আকতারকে (২৮) আটক করেছে পুলিশ। 

রবিবার (১৫ মে) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখীল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। 
 
ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় একাধিক মামলার আসামি কবির আহমদকে (৩৫) এখনও আটক করা যায়নি। তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কবির আহমদ উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীলের মৃত আলী হোসেনের ছেলে।’ 

উল্লেখ্য, গতকাল রবিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামি কবির আহমদকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পক্ষের লোকজন ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশ কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

কনস্টেবল শাহাদত ও মামলার বাদী আবুল হোসেন কালুও আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে আরও উন্নত চিকিৎসার জন্য জনি খানকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে জনি খানের হাত প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এএইচ/এএএম