গঙ্গাচড়ায় ১০০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত কিছুই সংগ্রহ করতে পারেনি উপজেলা খাদ্যগুদাম। খাদ্যগুদাম সূত্রে জানা যায়, এ বছর ১০০ মেট্রিক টন গম সংগ্রহের কথা থাকলেও সোমবার পর্যন্ত এক ছটাকও কিনতে পারেনি গঙ্গাচড়া খাদ্যগুদাম।
তবে ৩০ জুন পর্যন্ত সময় রয়েছে। এর পরও গম সংগ্রহ হওয়ার কোনো লক্ষণ নেই। সরকারিভাবে প্রতি কেজি গমের দাম ২৮ টাকা নির্ধারণ করা হলেও বাজারে দাম আরো বেশি। ফলে কৃষকেরা গুদামে গম দিতে আগ্রহী হচ্ছেন না।
তবে কৃষকেরা বলছেন, গঙ্গাচড়ায় গমের আবাদ অনেক কমে গেছে। লাভ তেমন না হওয়ায় কৃষকেরা গম চাষে আগ্রহ হারিয়েছেন।
এ বিষয়ে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা সাবিহা সুলতানা বলেন, এখন পর্যন্ত এক ছটাক গমও কেনা হয়নি। তিনি প্রশ্ন করে বলেন, ‘সরকারিভাবে উপজেলা থেকে ৮৫০ জন কৃষককে বীজ হিসেবে ২০ কেজি করে মোট ১৭ টন গম-বীজ দেওয়া হয়েছিল। সেই গমের বীজগুলো কোথায় গেল? আমরা কোনো গমই খুঁজে পাচ্ছি না। ৩০ জুন পর্যন্ত সময় থাকলেও গম সংগ্রহ হওয়ার কোনো লক্ষণ নেই।’
উপজেলা খাদ্য কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, এবার গম সংগ্রহের সম্ভাবনা কম।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কিছু লোক গমের চাষ করেছেন, তবে আগ্রহ কম।
