চলতি বছরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন এনামুল হক বিজয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৯ ম্যাচে ২৮০ রান করেছিলেন। পরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রেকর্ড গড়ে ১১৩৮ রান করেছেন ডানহাতি এ ওপেনার।
ঈর্ষণীয় পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন তিনি। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলে ফিরছেন বিজয়। গতকাল চট্টগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
কাঁধের চোট কাটিয়ে ক্যারিবিয়ানে টেস্ট সিরিজ খেলতে পারবেন না তাসকিন আহমেদ। তাই দুই ম্যাচের সিরিজে তার বিকল্প নিয়েও ভাবছে বিসিবি। গতকাল সাগরিকায় কোচ, নির্বাচকরা বসেছিলেন উইন্ডিজ সফরের দল গঠন বিষয়ক আলোচনায়।
