চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকার কমলাপুর পর্যন্ত এবারও চলবে একজোড়া ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আমচাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামী ২০ মে (শুক্রবার) আম চাষী, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে রেলওয়ের কর্মকর্তাদের একটি সভা হওয়ার কথা রয়েছে।
আজ বুধবার (১৮ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। তিনি বলেন, ‘কবে থেকে ট্রেনটি চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। আগামী শুক্রবার অনুষ্ঠিত সভায় দিন-তারিখ চূড়ান্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘এখন তো শুধু গুটি আম নামানো হচ্ছে। গুটি আমের জন্য স্পেশাল ট্রেন চলবে না। কারণ ঢাকায় গুটি আমের চাহিদা নেই। উন্নতজাতের আম যখন থেকে নামানো শুরু হবে তখনই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে। এতে সবাই উপকৃত হবেন।’
উল্লেখ্য, গতবছর ২৫ মে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছিল। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী হয়ে ঢাকায় পৌঁছাতো মধ্যরাতে। তারপর আবার ট্রেনটি ঢাকা থেকে রহনপুর ফিরে যেত। পাঁচটি বগির এই বিশেষ ট্রেনে আম ছাড়াও শাক-সবজি ও অন্যান্য মালামাল স্বল্প খরচে পরিবহন করা যেত। আমের মৌসুম শেষে ট্রেনটি বন্ধ করে দেয়া হয়।
