টি-২০ তে অনেকদিন ধরেই সিনিয়রদের সরিয়ে নতুন একটা দল গড়ার কথা শোনা যাচ্ছিল। এই ফরম্যাটকে ছয় মাসের জন্য বিদায় বলেছেন তামিম ইকবাল। ফর্মটা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমেরও। গত টি-২০ বিশ্বকাপের পর তো দল থেকে বাদও পড়েন এই ব্যাটার।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের পর জোরালো হয়ে আসে টি-২০ থেকে মুশফিকের অবসরের জল্পনাকল্পনা। পরবর্তী সময়ে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পর তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির স্ট্যাটাসে সেটি আরও জোরালো হয়। তবে গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক সরাসরি জানিয়ে দিলেন, আপাতত কোনো ফরম্যাট থেকেই অবসরের ভাবনা নেই তার।
তামিমের মতো টি-২০ থেকে সরে যাওয়ার ভাবনা আছে কি না জানতে চাইলে মুশফিক বলেন, ‘না ভাই, আমার আপাতত এমন কোনো চিন্তা নেই। আমার ইচ্ছে বাংলাদেশের হয়ে যতগুলো ম্যাচ খেলার সুযোগ আসবে, এবং তারা আমাকে যেভাবে চাইবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা ধরে রাখার।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৭ বছরের ক্যারিয়ার মুশফিকের। টি-২০ ক্রিকেটেও দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১০০ ম্যাচ খেলে ১৯.৯৩ গড়ে ১ হাজার ৪৯৫ রান করেছেন তিনি।
ক্রিকেটীয় ক্যারিয়ারে আর নিজের কী চাওয়া-পাওয়া আছে জানতে চাইলে মুশফিক কিছুটা অভিমানের সুরে বলেন, ‘সত্যি বলতে চাওয়া-পাওয়ার তো তেমন কিছু নেই। আমার মনে হয় বাংলাদেশে অভিজ্ঞতার কোনো দাম নেই। সেখানে আমি মনে করি ১৭ বছর, আলহামদুলিল্লাহ এতটুকু যে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সামনে আল্লাহ যতটুকু রেখেছেন, উনি লিখেই রেখেছেন। ইনশাআল্লাহ এতটুকু যেন ভালো মতো খেলতে পারি।’
