উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সঠিক সময়ে তারা এটির পরীক্ষা চালাবে। সিউলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর আইনপ্রণেতা হা তায়ি-কিউং সাংবাদিকদের বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া সত্ত্বেও তারা ‘একটি পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কাজ শেষ করেছে এবং তারা কেবলমাত্র উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২০ মে) দক্ষিণ কোরিয়া সফরে যাবেন। এর একদিন আগেই এমন দাবি করলেন দক্ষিণ কোরিয়ার ওই আইন প্রণেতা।
সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এমপি হা তা কিয়ুং বলেন, উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ বাড়লেও দেশটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সেরে নিয়েছে। তারা উপযুক্ত সময় এটি পরীক্ষা চালাবে।
