প্রেমের অভিনয় করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে নারীদেরকে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. রিয়াজ ওরফে জুবায়ের নামে এক দর্জিকে গ্রেফতার করেছে র্যাব| বুধবার (১৮ মে) রাতে নগরীর পাঁচলাইশ থানার আল মাদানী রোডের ফ্যাশন টেইলার্স নামের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়| বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭|
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রিয়াজ ওরফে জুবায়ের পেশায় একজন দর্জি| পোশাক সেলাই করার জন্য তার দোকানে বিভিন্ন বয়সের নারীর যাতায়াত রয়েছে| এই সুবাদে কিছু নারীর সঙ্গে প্রেমের অভিনয় করে ঘনিষ্ঠতা গড়ে তোলে রিয়াজ| তারপর তাদের অজান্তে মোবাইল ফোনে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে বা ভিডিও করে রাখে| পরবর্তী সময়ে এসব ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে অথবা টাকা দাবি করে|
সম্প্রতি এক গার্মেন্টস কর্মী রিয়াজের বিরুদ্ধে র্যাবের কাছে অভিযোগ করে| অভিযোগে তিনি বলেন, রিয়াজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর দুই মাস আগে তাকে সে বাসায় নিয়ে যায়| সে সময় রিয়াজ কৌশলে তার কিছু নগ্ন ছবি তোলে| পরবর্তী সময়ে এসব ছবির কথা বলে জিম্মি করে কয়েক বার তাকে ধর্ষণ করে| নগ্ন ছবি মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে| গার্মেন্টস কর্মীর কাছ থেকে অভিযোগ পেয়ে র্যাবের একটি দল গত বুধবার রাতে রিয়াজের দোকানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে|
