ঝিনাইদহে বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০২২, ১৪:৫০

ঝিনাইদহে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ উপজেলার বিভিন্ন গ্রাম। বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার সকালে কুলচারা গ্রামের চাষি গোলাম নবী ও তার স্ত্রী রূপসী বেগম (৫০) বাড়ির পাশে ক্ষেতে বেগুন তুলতে যান। এ সময় ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তারা দুজনে বজ্রপাতে আহত হন। বৃষ্টি থেমে গেলে  গ্রামের অন্যরা মাঠে গিয়ে দু জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার রূপসী বেগমকে মৃত ঘোষণা করেন। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালবৈশাখী ঝড়ে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর ও খোসালপুরসহ ১০টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও  গাছপালা ভেঙ্গে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে হরিণাকুন্ডু উপজেলা জোড়াদহ, মালিপাড়া, তৈলটুপিসহ কয়েকটি গ্রামে পান ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।

বজ্রপাতে মনোহরপুর গ্রামের আশরাফুল ইসলামের এক জোড়া মহিষের মৃত্যু হয়।

অপরদিকে, বজ্রপাতে শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের আশরাফুল ইসলামের এক জোড়া মহিষের মৃত্যু হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

জেলা প্রশাসক মুনিরা বেগম বলেন, উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে ঝড়ে ক্ষয়ক্ষতির বিবরণ সংগ্রহ করছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মন্ত্রণালয়কে জানাবেন।

ইত্তেফাক/এমআর