ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে বিভিন্ন সময়ে নের্তৃত্বদানকারী ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কৃতি প্রকৌশলীদের আজীবন ও মরণোত্তর সম্মাননা প্রদান করেছে সংগঠনটি। শনিবার (২১ মে) বিকেল ৪টার দিকে সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান ও আইইবির নেতৃত্বে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কৃতি প্রকৌশলী হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে বক্তারা ইঞ্জিনিয়ার আলমগীরে বিভিন্ন সামাজিক কাজের প্রশংসা করেন ও কৃতি প্রকৌশলী হিসেবে আজীবন সম্মাননা দিতে পেরে আইইবির নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কাউন্সিল গর্ববোধ করছে।
