চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
মৃত ওই ছাত্রলীগ নেতার নাম মো. জসিমউদ্দিন বেপারী (২৮)। তিনি জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক। জসিমউদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া বেপারী বাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে যান মো. জসিমউদ্দিন বেপারী। এ সময় পল্লি বিদ্যুতের ছেড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও মহিন (২০) নামে আরও দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হবে।’
