বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিক অসুস্থ ম্যালকম আরনল্ডকে (৭৪) আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে তার পাশে থাকার প্রত্যয় পুর্নব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। শনিবার (২৮ মে) এক ভিডিও কনফারেন্সে শারীরিক অবস্থাসহ তার সার্বিক খোঁজখবর নেন তিনি।
এসময় নিজ জন্মভূমি ছেড়ে ভালোবেসে বাংলাদেশে বসবাস করার জন্য ম্যালকম আরনল্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন পুনাক সভানেত্রী।
পুনাক সভানেত্রীর পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ম্যালকম আরনল্ডকে দেখতে তার সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা মাদ্রাসা রোডে লাভলু সাহেবের বাড়িতে যান। এসময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ম্যালকম আরনল্ডের আঁকা দুইটি চিত্রকর্ম কেনেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন-কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন ও সোনাডাঙ্গা মডেল থানা অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ ডিসেম্বর পুনাক সভানেত্রীর পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান ম্যালকম আরনল্ডকে দেখতে তার বাসায় যান। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী এক মাসের ওষুধ প্রদান করেন ও একটি চিত্রকর্ম ক্রয় করেন। অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড বাংলাদেশি নাগরিক হালিমা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ ১৯ বছর ধরে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন।
