আজ
চ্যানেল :চ্যানেল নাইন
সময় :রাত ৮টায়
ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের দিন রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘দূরে থাকা বারণ’। পরিচালনায় রাইসুল তমাল, অভিনয়ে জোভান, টয়া প্রমুখ। সজল একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। খুব সহজ সরল বলে কোম্পানির বস সজলকে খুব পছন্দ করে। অফিসের সবার কাছেও প্রিয় সে। বিয়ে করেছে ২ বছর হলো। টুম্পা সজলের স্ত্রী। স্ত্রীকে দারুণ ভালোবাসে। সজলের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে টুম্পার আবদারে বাসায় পার্টির আয়োজন করে। সজল তার অফিসের সকল কলিগ ও বসকে নিমন্ত্রণ করে। অনুষ্ঠানের দিন সজলের স্ত্রী নিজ হাতে মজার মজার খাবার তৈরি করে। সজলের বস ভোজনরসিক। বস বারবার গায়ে পড়ে সজলের বউয়ের তারিফ করে। এরপর নানা ঘটনা প্রবাহে বস ও বউকে ঘিরে সজলের মনে সন্দেহ জাগে। তুমুল ঝগড়া হয় বউয়ের সঙ্গে। ঝগড়া এমন ভয়াবহ রূপ নেয় যে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় সজল। তাদের এই ব্যাপারে অফিসে কানাঘুষা হতে থাকে। সজল অফিসে যায় না। বস সজলকে ফোন দেয় সজল ধরে না। একদিন বস পিয়নের কাছে জানতে চায় সজলের কী হয়েছে। নির্দিষ্ট দিন সজল আর টুম্পা কাজী অফিসে হাজির হয় ডিভোর্সের জন্য। আর তখনই বস হাজির হয়। বস সজলকে নানাভাবে বুঝানোর চেষ্টা করে। কিন্তু সজল নিজের সিদ্ধান্তে অটল থাকে। এরপর নানা নাটকীয় দ্বন্দ্ব নিয়ে গল্প এগিয়ে যায়।
