ঢাবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে শেকৃবি ছাত্রলীগের মানববন্ধন

আপডেট : ২৯ মে ২০২২, ১৯:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানবন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগ।  

রবিবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেকৃবি ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

মানববন্ধনে বক্তারা ছাত্রদলের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, 'বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে ঠিক তখনই এদেশের ছাত্র নামের অছাত্র ও কুছাত্রদের সংগঠন ছাত্রদলের গুণ্ডারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করতে চায়, তারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সকল নেতাকর্মীরা কোন ক্রমেই ক্যাম্পাসে কোন বিশৃঙ্খলা করতে দিবো না এবং শক্ত হাতে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিবো।'

সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, 'সন্ত্রাসী বিএনপি, ছাত্রদল দেশে অরাজকতা সৃষ্টি করে এদেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস । এই ছাত্রলীগ মাঠে নামলে ছাত্রদলের ক্যাডার বাহিনী পালাবার পথ খুঁজে পাবে না। ছাত্রলীগ মেধাবীদের সংগঠন। পড়ার পরিবেশ বজায় রেখেই আমাদের ভিশন আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবো।'

ইত্তেফাক/এআই