প্রাইমএশিয়ায় ‘অ্যাডভাইজর’ হিসেবে যোগ দিলেন ফাহিম আহমেদ

আপডেট : ৩০ মে ২০২২, ১৬:৪৩

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডভাইজর’ হিসেবে যোগ দিলেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)ফাহিম আহমেদ। সম্প্রতি তিনি উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। 

ফাহিম আহমেদ যুক্তরাষ্ট্রের মিডলবারি কলেজ থেকে পড়াশোনা করেন। নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পরামর্শকের ভূমিকা পালন করবেন পাঠাওয়ের সিইও। 

ফাহিম আহমেদ ২০১৮ সালে পাঠাও-এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেন। ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে তিনি কোম্পানির সার্বিক কার্যক্রমের দায়িত্বভার নেন। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ে যোগদানের আগে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসইএএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। 

এছাড়া তিনি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) ও আমেরিকান সিকিউরিটিজের বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। নিউইয়র্ক-ভিত্তিক বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছেন।

পলিসি এন্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজর হিসেবে আছেন পদ্মা অয়েল কোম্পানি লি. এর ডিরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা সুজাদুর রহমান এবং ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল মাহবুব। এই অ্যাডভাইজরি বোর্ড মূলত: বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন-অগ্রগতি নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। 

ইত্তেফাক/এএইচপি