টেস্ট ক্রিকেটের বাস্তবতায় বাংলাদেশ দলে মুমিনুল হককে ‘সোনার’ ডিম পাড়ার হাঁস বলা যেতেই পারে। সাদা পোশাকের ক্রিকেটে যেখানে পুরো দল খাবি খেত, সেখানে ঈর্ষণীয় ধারাবাহিকতায় রান করেন যেতেন এই বাঁহাতি।
কিন্তু গত কিছুদিনে তার ব্যাটে ‘ব্যর্থতার গ্রহণ’ লেগেছে। ডিম পাড়া তথা রানের দেখা মিলছে না মুমিনুলের ব্যাটে। অধিনায়কের দায়িত্ব, দলের টানা হার যেন তার রান কেড়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও হাসেনি ৩০ বছর বয়সি এই ক্রিকেটারের ব্যাট। শেষ সাত ইনিংসে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি। ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে তার ব্যাটিং গড় ছিল ৬০’র বেশি। সেই গড় এখন গিয়ে ঠেকেছে ৩৮.৩১ এ।
রীতিমতো দুশ্চিন্তার কারণ বটে। মুমিনুলের গুরু মোহাম্মদ সালাউদ্দিন সোমবার বলছেন, ক্যারিয়ারে কোনো পর্যায়েই টানা এত ইনিংসে রান না পেতে দেখেননি শিষ্যকে।
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খুব বেশি ব্যাটিং দেখেননি সালাউদ্দিন। শুধু আউট হওয়ার বলগুলোই দেখেছেন। তাতে বড় সমস্যা ধরা পড়েনি তার চোখে। প্রিয় শিষ্যের প্রতি সালাউদ্দিনের পরামর্শ হলো, ‘সময়টা যত স্বাভাবিক রাখা যায় এটাই ভালো। অনুশীলনে উন্নতির চেষ্টা করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। আমাদেরও উচিত পাশে থাকা এবং এই সময়টা যেন তার ক্যারিয়ারে লম্বা না হয়।’
এদিকে কয়েক দিন বিশ্রামে থেকে ব্যাটিংয়ে প্রাণ ফেরাতে অনুশীলনে নেমে পড়েছেন মুমিনুল। সোমবার মিরপুর স্টেডিয়ামে বিকেএসপির কোচ ও প্রখ্যাত ব্যাটিং মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। ইনডোরে ৩ ঘণ্টা অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক।
নাজমুল আবেদীন ফাহিম অবশ্য বলছেন, বেসিক থেকে কিছুটা সরে গেছেন মুমিনুল। সেখানেই ঘটেছে বিপত্তি। গতকাল অনুশীলনে তার ব্যাটিংয়ের বেসিকেই বেশি জোর দেওয়া হয়েছে।
ফাহিম এ সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা ব্যাড প্যাঁচের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরো খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল থেকেই সরে যায়। বেসিক নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। সেটা নিয়ে কাজ করেছি। আগের চাইতে দেখতে ভালো লাগছে। আরো দু-একদিন কাজ করলে আরো ভালো হবে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরেই মুমিনুলের ব্যাটে রানের আশা করছেন ফাহিম। অভিজ্ঞ এ কোচ বলেছেন, ‘বেসিক থেকে বাইরে চলে গেলে এই পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ। তাড়াতাড়ি কেটে গেলে ভালো করবে। দেখে মনে হচ্ছে বেশ কিছু ঠিক হয়েছে, ব্যাটে-বলে ভালো হচ্ছে। আমার মনে হয় সামনে অনেক ভালো করবে।’
ফাহিমেরও মনে হচ্ছে, অধিনায়কত্বের চাপ মুমিনুলের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিছু। একটু চাপ তো পড়ছেই। ব্যাটিংয়ে রান পাচ্ছেন না বলে সেটি আরো প্রকট আকারে ধরা দিয়েছে।

পনেরোর জন্য তৈরি রিয়াল