‘চেতনানাশক ওষুধ খাইয়ে একসঙ্গে তিন-চার বাড়িতে চুরি করতো ওরা’

আপডেট : ৩১ মে ২০২২, ১৫:৫৯

ভোলার মনপুরায় সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ ১ সহযোগীকে আটক করেছে পুলিশ। এই সময় ওই চক্রের কাছ থেকে চুরি হওয়া ৮ আনা স্বর্নের চেইন, দেশীয় অস্ত্রসহ চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় আটককৃত চোর চক্রের প্রধানসহ এক সহযোগীকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরু মিয়া ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি রাতেই একসঙ্গে ৩-৪ বাড়ি চুরি করতো সংঘবদ্ধ চোর চক্র। এতে দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রাসহ পুলিশ প্রশাসন।

পুলিশ বিশেষ অভিযানে, সোমবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে চোর চক্রের প্রধান আল-আমিন ও মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম থেকে সহযোগী সোহেলকে পুলিশ আটক করে। 

আটককৃতরা হলেন, চোর চক্রের প্রধান আল-আমিন (২৫)। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। অপর সহযোগী মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল (৩০)।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চেতনানাশক ওষুধ খাইয়ে একসঙ্গে তিন-চার বাড়িতে চুরি করতো ওরা। এই চক্রের প্রধানসহ এক সহযোগীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অপর দুই সদস্যকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এমএএম