জবিতে নজরুল জয়ন্তী উদযাপন

আপডেট : ৩১ মে ২০২২, ২০:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সংগীত বিভাগ। সোমবার (৩১ মে) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের জীবনমুখী গানের মাধ্যমে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে নজরুলের প্রেম, বিদ্রোহী ও সাম্যবাদী  গানগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নজরুলের রচিত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানটি সমবেতকণ্ঠে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে বিভাগটি। নজরুলের জীবনী, মানুষ, সমাজ ও দেশ কেন্দ্রীয় লেখা কবিতা—গান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে গান করেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। পরবর্তীতে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানটির মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন জীবন ও শিল্পের অনুরাগী। তিনি যেমন বিদ্রোহী ছিলেন তেমনি ছিলেন প্রেমিকও। সমতা ও শ্রেণি বিভেদহীন সমাজ গড়তে তিনি কলম চালিয়েছেন সর্বদা। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সবার। তার সুরের চর্চায় জীবনকে রাঙ্গাতে হবে। শিখতে হবে অসাম্প্রদায়িকতা ও মানবতার গান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সকল শিক্ষার্থীদের নজরুলের জীবনমুখী ও সাম্যবাদী গান-কবিতার চর্চার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে এখন জড়তা ও বিকারগ্রস্ততার প্রভাব অনেক বেশি দেখা যায়। নজরুলের গান ও কবিতার চর্চা বাড়াতে হবে। সাম্প্রদায়িকতা রোধে নজরুল চর্চার বিকল্প নেই।

এ সময় অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ছাত্র কল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক চঞ্চল কুমার বোস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক—শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম