নোবিপ্রবিতে পিএইচডি’র গল্পের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

আপডেট : ৩১ মে ২০২২, ২১:৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পিএইচডি'র গল্পের ২য় পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজি ইদ্রিস অডিটোরিয়াম ভবনের আইকিউএসি রুমে এই পর্ব অনুষ্ঠিত হয়।  

দ্বিতীয় পর্বে  প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং বিশেষ অতিথি ছিলেন-বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। প্রোগ্রামে পিএইচডির গল্প,অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপন করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘পিএইচডি বিষয়ক এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। একজন গবেষক পিএইচডি করতে গেলে নানা অজানা অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। তার এসব অভিজ্ঞতা নতুনদের অবশ্যই জানা প্রয়োজন। এ উদ্যোগ ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। ভালো মানের থিসিস পেতে হলে অবশ্যই ভালো মানের গবেষক সৃষ্টি করতে হবে। মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে এবং তখনই তা কাজে আসবে। নোবিপ্রবি শিক্ষার্থীরা এ ধরনের কাজ অব্যাহত রাখবে এ প্রত্যাশা করছি। আয়োজকদের এবং আজকের প্রধান আলাচককে অভিনন্দন জানাচ্ছি।’

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা ও উচ্চশিক্ষায় দিকনির্দেশনা প্রদানে এই আয়োজন শুরু করেছে নোবিপ্রবি সায়েন্স ক্লাব। প্রতি মাসে ২ টি করে সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের পিএইচডি যাত্রার অভিজ্ঞতা শেয়ার করবেন ও গবেষণা সংশ্লিষ্ট  দিকনির্দেশনা প্রদান করবেন।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এএএম