বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে বিসিবিকে। এখন সবার মাঝে একটাই প্রশ্ন, কে হবেন নতুন টেস্ট অধিনায়ক?
গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানকে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সিরিজের পরই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন মুলুকে না গিয়ে আবারও দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর পরই গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে। তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। জানিয়েছেন, আগামী ২ জুন বোর্ড সভা রয়েছে। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে।
মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানভীর আহমেদ টিটু বলেন, ‘মুমিনুল বোর্ড সভাপতিকে তার সিদ্ধান্তের কথা বলেছে। সে জানিয়েছে, নিজের এবং দলের কথা চিন্তা করে আর অধিনায়কত্ব করতে চায় না। ব্যাটিংয়ে মনোযোগ দিতে চায়। এর সঙ্গে অনেক কিছু জড়িত, অপারেশন্স বিভাগ ও দলের সবার সঙ্গে কথা বলতে হবে। ২ তারিখ বোর্ড সভা আছে। আশা করি তখন স্পষ্টভাবে বলতে পারবো।’
তবে অধিনায়ক হিসেবে এখনো না কি বোর্ডের ভাবনায় কেউ নেই। এমনটাই জানালেন টিটু। বিসিবির এই পরিচালক বলেন, ‘মুমিনুলের সিদ্ধান্তটা সম্পূর্ণই তার ব্যক্তিগত। বোর্ডের এ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। তাই নতুন অধিনায়ক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বোর্ড সভাপতি এগুলো নিয়ে সরাসরি কথা বলবেন, ২ তারিখ আলোচনা হবে। এর পরই সিদ্ধান্ত।’
সাকিব অধিনায়ক হবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ও অভিজ্ঞ খেলোয়াড়। মুমিনুলের জায়গায় অভিজ্ঞ কাউকেই নেওয়া হবে। সাকিব দেশে এসেছে মানেই কিন্তু সে চূড়ান্ত না। হতে পারে, আবার নাও হতে পারে। সবকিছু ২ তারিখ জানা যাবে।’
