শাক-সবজি বিক্রি করে সংসার চালানো এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। মঙ্গলবার (৩১ মে) সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথা পুলের দক্ষিণপারে খুপরি ঘরে বসবাসরত বৃদ্ধ দম্পতি হাসিনা বেগম ও মোতালেব হাওলাদারকে দেখতে ছুটে আসেন তিনি। এ সময় তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান করেন জেলা প্রশাসক।
জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, রাত্রিকালীন বাজার চৌমাথায় শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলো হাসিনা বেগম ও মোতালেব হাওলাদার। ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন তারা। সুগন্ধা নদীতে ভিটেমাটি বিলীন হয়ে গেলে পাড়ি জমান বরিশালে। সেই থেকে বরিশালে স্বামী রিকশা মেরামতের কাজ করতেন। বছর সাতেক আগে স্বামী মোতালেব স্ট্রোক করে চলৎশক্তি হারান। আর একমাত্র ছেলে বিয়ে করে থাকেন ঝালকাঠিতে তাঁর শ্বশুরবাড়িতে থাকেন। বৃদ্ধ এ দম্পতি আর্থিক সংকটে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এ বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মঙ্গলবার তাদের দেখতে নগরীর চৌমাথা এলাকায় খুপরি ঘরে যান। এ সময় তাৎক্ষনিক বৃদ্ধ দম্পতি হাসিনা বেগম ও মোতালেব হাওলাদারকে চিকিৎসার জন্য সমাজসেবার মাধ্যমে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং তার চিকিত্সাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান করেন তাদের।
