অনুমোদনহীন যন্ত্রাংশ বিক্রি করায় ইবি কর্মকর্তাকে অব্যাহতি

আপডেট : ০১ জুন ২০২২, ১৩:২৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এস্টেট অফিসের উপ রেজিস্ট্রার টিপু সুলতানকে দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের স্টোররুমে রক্ষিত অব্যবহৃত মালামাল বিক্রয়ের বিষয়ে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ নির্দেশনা দেয়া দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সহকারী রেজিস্ট্রার বকুল হোসেন, শাখা কর্মকর্তা উকিল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেনকেও একই নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাদের শোকজের বক্তব্য ও ঘটনার বস্তুনিষ্ঠতা নিরূপণের বিষয়টি অনুসন্ধান করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

কমিটিতে ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমানকে আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শৰ্মা ও গণিত বিভাগের প্রফেসর ড. আসাদুজ্জামান।

ইত্তেফাক/এআই