মানিক মিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: ঢাবি উপাচার্য

আপডেট : ০১ জুন ২০২২, ১৬:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, সংবাদপত্র ও সাংবাদিকতায় নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে যুগে যুগে স্মরণ করবে। বুধবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে মওলানা আকরাম খাঁ মিলনায়তনে 'নির্ভীক সাংবাদিক-সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তিনি কথা বলেন।

গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাহসী সাংবাদিকতার জীবনী তুলে ধরে ঢাবি উপাচার্য বলেন, তিনি আমাদের মধ্যে সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। 

তিনি আরও বলেন, আজ স্বাধীনতার সোনালি ফসল আমরা ঘরে তুলছি, তার পেছনে দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়ার অবদান অসাধারণ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ইত্তেফাক একটি অবিস্মরণীয় নাম হয়ে থাকবে। মানিক মিয়া শুধু সংবাদপত্রের মালিক ছিলেন না, ছিলেন জনজীবনভিত্তিক সাংবাদিকতার পথিকৃৎ। সংবাদপত্র ও সাংবাদিকতায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে যুগে যুগে স্মরণ করবে।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি এস.এম. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা.দিলিপ রায়, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি মানিক লাল ঘোষ, প্রিন্সিপাল আলী আহমেদ, নাসিরুল হকসহ প্রমুখ।

আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারি আলফাজ উদ্দিন। 

ইত্তেফাক/জেডএইচডি