নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে একাই প্রতিবাদ নোবিপ্রবি শিক্ষকের 

আপডেট : ০১ জুন ২০২২, ১৮:০৬

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে একাই প্রতিবাদ করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাকেব-উল-ইসলাম। বুধবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এই প্রতিবাদ করেন তিনি। 

তিনি বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। পর্যালোচনা এবং গবেষণা না করে এরকম তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত কখনো জাতির মঙ্গল নিয়ে আসে না। তাছাড়া করোনা পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক হতাশা কাজ করছে। সেক্ষেত্রে নতুন শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের মানিয়ে নিতে পারবে না এবং অনেক শিক্ষার্থী আবার ঝরে যাবে। 

এছাড়া নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একই পাঠ্যক্রম হলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় পড়তে পারবে না। সাইন্স, আর্টস এবং কমার্সের বিষয়গুলো সবাইকে পড়তে হবে। ফলে বিষয়গুলোর ওপর শিক্ষার্থীদের ব্যাসিক নলেজ বাড়বে না। তাছাড়া উচ্চমাধ্যমিকে দুইটি বোর্ড পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে নকলের প্রবণতা বৃদ্ধি করবে।’

মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ড. মোহাম্মদ রাকেব-উল-ইসলাম বলেন, ‘পর্যালোচনা এবং গবেষণা না করে যদি নতুন শিক্ষাক্রম শুরু করে তাহলে জেএসসি এবং পিএসসির মত আবার বন্ধ করে দিতে হবে। যদি আরও সতর্ক হয়ে সময় নিয়ে এবং তাড়াহুড়ো না করে একটি জাতির ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করে সিদ্ধান্ত নেয় তাহলে জাতি উপকৃত হবে।’

ইত্তেফাক/এএএম