কটিয়াদীতে ভুট্টার বাম্পার ফলন ও দামে খুশি কৃষকরা

আপডেট : ০১ জুন ২০২২, ১৯:১০

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলিত রবি মৌসুমে ভুট্টার রেকর্ড পরিমাণ চাষ হয়েছে। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় বেশি দাম বিক্রি করে কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষকরা জানান, গত বছর প্রতি মণ ভুট্টা ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করলেও এ বছর তারা তা বিক্রি করছেন ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা দরে। রবি মৌসুমে চিরাচরিত বোরো ধান চাষে লাভ কম। অথচ খাটনি বেশি। কিন্তু কম পরিশ্রমে, কম খরচে ও অল্প বিনিয়োগে ভুট্টা চাষে লাভ হচ্ছে কয়েকগুণ। তাই আগে যেসব জমিতে বোরো ধান চাষ হতো ও পতিত থাকতো, এখন ওই সব জমিতে ভুট্টার আবাদ করছেন তারা। ফলে ধারাবাহিকভাবে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ। 

উপজেলার বাগরাইট গ্রামের কৃষক আ. মান্নান বলেন, ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। চাষ করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। চাষ করতে যা খরচ হয়েছে তা জ্বালানি হিসাবে ব্যবহৃত ভুট্টার মোচা ও গাছ থেকে উঠে আসবে। ফলন পেয়েছি ৯৫ মণ। আর উৎপাদিত ভুট্টা ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছি। যার সবটাই লাভ। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, এ বছর উপজেলায় ভুট্টার বাম্পার ফলন ও আশানুরূপ দাম পাওয়ায় কৃষকেরা খুশি। প্রচলিত পদ্ধতিতে ভুট্টা মাড়াই করা অত্যন্ত কঠিন কাজ। কৃষি বিভাগ কর্তৃক ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণের ফলে কাজটি সহজ হয়েছে। ফলে কৃষকেরা বেশি আগ্রহী হবে ভুট্টা চাষে।

ইত্তেফাক/এআই