স্পোর্টস রিপোর্টার, কার্ডিফ (ওয়েলস) থেকে
নিজেদের ছোট ভেবে মাঠে নামবে না বাংলাদেশ। আজ কার্ডিফে বাংলাদেশের সামনে স্বাগতিক ইংল্যান্ড। সঙ্গত কারণেই এই ম্যাচের ফেবারিট স্বাগতিকরাই। তবে মাশরাফির বিশ্বাস, সেরা খেলাটা খেলতে পারলে আজকের ম্যাচেও জিততে পারে বাংলাদেশ।
মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে ম্যাচ জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই। সেমিফাইনালে যেতে হলে প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সাথে গত ম্যাচটা জিতলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারতাম। আমাদের প্রথম তিনটা ম্যাচ তাদের সাথে যারা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। তবে তার মানে এই না যে আমরা নিজেদেরকে ছোট ভেবে মাঠে নামব। সব কিছু ঠিকঠাক মতো করলে আমরাও এই ম্যাচ জিততে পারি।’
ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও ওই ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু পাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মাশরাফি। ওই ম্যাচের অভিজ্ঞতা আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চান তিনি। মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে ইংল্যান্ড যতবার অংশ নিয়েছে এবারকার টিম তাদের মধ্যে অবশ্যই সেরা। তারা এখনো পর্যন্ত ঠিকভাবেই এগোচ্ছে। তবে আমরাও আশাবাদী। আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। যেসব ক্ষেত্রে আমরা এগিয়ে আছি সেগুলোকে কালকের ম্যাচে কাজে লাগাতে হবে।’
গত দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এবারও কি জিতে হ্যাটট্রিক করার সম্ভাবনা আছে। জবাবে হেসে মাশরাফি বলেন, ‘এটা আমাদেরকে খুব একটা সাহায্য করবে বলে মনে হয় না। এমনকি যদি আমরা হেরেও যেতাম তাও আমি একই কথা বলতাম। এটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ। উভয় টিমই প্রথম বল থেকে শুরু করবে। দুই দলের জন্যই এই ম্যাচে জয়ী হওয়াটা জরুরি। গত দুই বিশ্বকাপে আমরা তাদেরকে হারিয়েছি বলেই এটা ভাবার কারণ নেই যে, এবারও আমরা তাদেরকে হারাতে পারব। তবে আমি বলব যে, আমাদের সুযোগ আছে এবং আমরা আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।’
ইংল্যান্ডের বিপক্ষে দলে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে জানালেন মাশরাফি। বলেন, ‘আমার মনে হয় না তেমন কোনো পরিবর্তন আসবে। তবে যদি আজকের মতো কালও বৃষ্টি হয় তখন আমরা পরিবর্তনের কথা ভাবব। ইংল্যান্ড ম্যাচে স্পিন দিয়ে বোলিং অ্যাটাক শুরু হবে কিনা জানতে চাইলে অধিনায়ক বলেন, স্পিনাররা সবসময়ই বড় ভূমিকা পালন করে। এটা আমাদের অন্যতম শক্তি। আমাদের রয়েছে বিশ্বসেরা সাকিব। অনেকদিন ধরে মিরাজও ভালো করছে। নতুন বল হাতে সে ভালো করে। ইংল্যান্ডের বিপক্ষে স্পিন আক্রমণ দিয়েই শুরু করেছিল সাউথ আফ্রিকা। এটা টিমের কৌশলগত ব্যাপার। তবে আমরা কি করব সেটা নির্ভর করবে কন্ডিশনের ওপর।’
ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে রাখার জন্য বাংলাদেশের স্পিনাররা কতখানি সক্ষম তার উত্তরে ইংলিশ অধিনায়ক মরগ্যান সংবাদ সম্মেলনে বলেন, ‘২০১৭ সালে যখন এখানে খেলেছিলাম তখনও স্পিনাররা বড় ভূমিকা পালন করেছিল বিশেষ করে ৪০ ওভারের পরে এসে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও স্পিনাররা ভালো রোল প্লে করেছে। ইংল্যান্ড তাদের নিজস্ব পরিকল্পনার কারণেই বড় স্কোর করবে। এখানে নেগেটিভ, পজিটিভ দুইটা দিকই আছে। খারাপ দিক হচ্ছে ওরা যদি সফল হয় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আর আমরা যদি পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে উইকেট নিয়ে ওদেরকে চাপে ফেলতে পারব। আমরা গত দুই ম্যাচের মতো পরিকল্পনা করে মাঠে নামার চেষ্টা করব।’
