গুলিস্তানের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পার্কে বিদ্যমান ফলের আড়ত অপসারণ করে পার্কের মূল স্থাপত্য নকশার সঙ্গে সামঞ্জস্য রাখতে ইজারাদারকে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইজারাদার মো. হেলু মিঞাকে সতর্ক করে চিঠি দিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।
গত সোমবার দেওয়া ঐ চিঠিতে বলা হয়, শর্ত না মানলে ইজারা বাতিল করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে আরো বলা হয়েছে, ‘পার্কের পূর্ব অংশে নবনির্মিত পাবলিক টয়লেট, ক্যান্টিন ও পার্কের প্রবেশমূল্যের সর্বোচ্চ দর প্রস্তাবকারী হিসেবে পার্কটি পরিচালনার জন্য ইজারা দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, পার্কের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত কাজী বশির মিলনায়তনের (মহানগর নাট্যমঞ্চ) পাশের গেটসংলগ্ন স্থানে ফলের আড়ত বসিয়ে পার্কের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। এতে ইজারার শর্ত লঙ্ঘন হয়েছে। ঐ ফলের আড়ত অপসারণ করে পার্কের মূল স্থাপত্য নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে পার্কটি পরিচালনার বিষয়ে সতর্ক করা হলো। অন্যথায় ইজারার কার্যাদেশ বাতিলসহ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ‘ইজারায় গুলিস্তানের মতিউর পার্ক, প্রবেশমূল্য ১০ টাকা ভেতরে ফলের আড়ত’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে গত রবিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পরেই বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারাদারকে চিঠি দিয়ে সতর্ক করেছে ডিএসসিসি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্যতম পার্ক গুলিস্তানের শহিদ মতিউর পার্কটি কিছুদিন আগেও সবার জন্য ছিল উন্মুক্ত। যে কারো সবুজ এই পার্কে প্রবেশে কোনো অনুমতি বা আনুষ্ঠানিকতা ছিল না। এখন সেই পার্কে ঢুকতে লাগছে টিকিট। যার মূল্য ১০ টাকা। সিটি করপোরেশন বাণিজ্যিকভাবে পরিচালনা করছে এটি।
