ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা আসন্ন কাতার বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য তিন জন নারী রেফারি ও সহকারী নির্বাচন করেছে। এর মধ্য দিয়ে ছেলেদের বিশ্বকাপে নারী রেফারির যাত্রা শুরু হচ্ছে।
বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন নারী রেফারি। ফুটবলে নারী রেফারির ম্যাচ পরিচালনা নতুন কোনো বিষয় নয়। তবে ছেলেদের ফুটবলের ফুসফুস খ্যাত ফিফা বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো নারী রেফারিই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন না।
মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি, ২৪ ভিডিও ম্যাচ অফিসিয়াল নিযুক্ত করার কথা জানিয়েছে ফিফা। এর মধ্যে তিনজন করে নারী রেফারি এবং সহকারী রেফারি রয়েছেন।
বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া তিন নারী রেফারি হলেন- ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা। এছাড়া, সহকারী রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
