সৈয়দপুরের শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে থাই জুয়া। মূলত মোবাইলের মাধ্যমে খেলা হচ্ছে এই মরণজুয়া খেলা। এতে তুচ্ছ ঘটনায় মারামারির ঘটনাও ঘটছে। কেউ কেউ লাভবান হওয়ার কথা শোনা গেলেও অনেকে হয়ে যাচ্ছেন ফতুর।
এই জুয়াটি প্রথমত উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কোনো এক স্থান থেকে শুরু হয়। এরপর উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। শহরের প্রতিটি পাড়া-মহল্লায় থাই জুয়া খেলা জমে উঠেছে। শহরের কাজীপাড়ায় ব্যাপকহারে এই জুয়া খেলা চলছে। বিশেষ করে মাগরিবের পর এই খেলা জমে উঠে এলাকায়।
খেলার জন্য অনেকে ওয়াইফাই কানেকশন নিয়েছেন। এই জুয়া খেলা নিয়ে মারামারির ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে উভয় পক্ষকে আটক করে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের কার্যালয়ে হাজির করে। উপজেলার অনেক স্থানে এই জুয়া খেলায় নারী-পুরুষরা আসক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ জুয়ার টাকায় পাকা বাড়িঘর তৈরি করায় অনেকে জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন বলেন, এই জুয়া খেলা যেখানে হবে সেখান থেকে জুয়াড়িদের ধরে আনার জন্য থানাপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে এলাকার মানুষকেও সচেতন হতে হবে।
