করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

আপডেট : ০২ জুন ২০২২, ১৫:২৮

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, করোনা শনাক্ত হওয়ার পর সোনিয়া গান্ধী স্বাস্থ্যবিধি মেনে নিজেকে বিচ্ছিন্ন (আইশোলেশন) রেখেছেন।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। হালকা জ্বর আছে তার। করোনার আরও কিছু উপসর্গ তার আছে। বর্তমানে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে তাকে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধীকে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন জারি করেছে। তাকে ৮ জুন ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

ইত্তেফাক/টিআর