হাটগাঙ্গোপাড়া-কামারপাড়া বিকল্প সড়কে ঝুঁকি নিয়ে চলাচল 

আপডেট : ০২ জুন ২০২২, ১৫:১৬

রাজশাহীর বাগমারায় কামারপাড়া-হাটগাঙ্গোপাড়া পাকা সড়কের কানাইশহর নামক স্থানে নতুন ব্রিজ নির্মাণকাজ চলছে। ফলে চলাচল স্বাভাবিক রাখতে এরই পাশে বিকল্প এইচ বিবিকরণ (ইট সোলিং) সড়ক নির্মাণ করা হয়। কিন্তু সড়কটি সরু হওয়ায় এ পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। 

স্থানীয় পথচারী ও গ্রামবাসীর তথ্যমতে, বিকল্প সড়কে ভরাটকৃত মাটিতে যথাযথ রোলার ব্যবহার করা হয়নি। যার কারণে সড়কটি সহজে দেবে গেছে।
 
কানাইশহর গ্রামের বাসিন্দা এবং ৫ নম্বর আউচপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, বিকল্প সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। সড়কটি প্রয়োজনমতো প্রশস্ত করার দরকার ছিল। 

সরেজমিনে দেখা গেছে, সিমেন্ট বোঝাই একটি কার্ভাড ভ্যান সেখানে আটকা পড়ে আছে। বুধবার রাত দেড়টার দিকে ঐ কার্ভাড ভ্যানের চাকা দেবে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া ব্রিজ নির্মাণে প্রাক্কলিত ব্যয় সংবলিত সাইনবোর্ড ও সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানোর কথা থাকলেও সেটি করা হয়নি। 

এ বিষয়ে বাগমারা উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী খলিলুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে কোনো সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করা হবে। 

ইত্তেফাক/এআই