কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে ‘স্কুলে যাতায়াতের রাস্তা নেই, দুর্ভোগে শিক্ষার্থীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এমন উদ্যোগ নেওয়া হলো।
বৃহস্পতিবার (২ জুন) সকালে মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর স্কুলটি পরিদর্শন করেন এবং সড়ক ও বিদ্যুৎ সংযোগের জন্য জমির মালিক, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন।
স্কুল পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, গত ৫ বছরে সড়ক নির্মাণ না হওয়া ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশিত সংবাদটি দেখে স্কুলটি পরিদর্শন করি এবং স্কুলের পাশের জমি মালিকদের সঙ্গে বৈঠক করেছি। জমি পেলেই সড়ক ও বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হবে।
বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করা হয়।২০১২ সালে স্কুলটি জাতীয়করণ করা হয়। বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পরলে ২০১৭ সালে বিলের মাঝে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচির (পিইডিপি-৩)মাধ্যমে একটি দ্বিতল ভবন নির্মাণ করে স্কুলটি স্থানান্তর করা হয়। কিন্তু স্কুলটিতে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই। এতে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয়।

পাঁচবিবিতে কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ছে