ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:১০

মিরপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে আহত ৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ধাক্কায় সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ইমন নামের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ ও নাসিম নাম তার দুই বন্ধু আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমনদের বাসা যাত্রাবাড়ী থানার শনির আখড়া বটতলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইমন একটি মোটরসাইকেলে করে তার দুই বন্ধুকে নিয়ে শহীদ মিনারে যাচ্ছিলেন। তারা রাজধানী সুপার মার্কেটের সামনে ফ্লাইওভারে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা মারে। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক বেলা সোয়া তিনটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ ও নাসিম হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন।

মিরপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে আহত ৫

মিরপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি রিকশা চাপা পড়ে। বিক্ষুব্ধ জনতা বাস দুটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একটি বাসের চালককে আটকও করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বয়েজ বাংলা স্কুলের সামনে পরিস্থান ও খাজাবাবা পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থান বাসের চালক মোহাম্মদ ইব্রাহিম খাজাবাবার বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটান। বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়। তবে খাজাবাবার চালক পালিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্ট রুবেল আহমেদ জানান, বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।