গফরগাঁওয়ে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় যাত্রীরা বিপাকে

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:১২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈদের ছুটিতে বাড়ি এসেছে এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এ সুযোগে বসে নেই গফরগাঁও উপজেলার অসাধু পরিবহন শ্রমিক মালিকরা। যাত্রীর চাপকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন তারা। গত এক সপ্তাহ ধরে উপজেলার বাস, সিএনজি ও ইজিবাইকের স্ট্যান্ডগুলোতে দেখা যাচ্ছে এমন চিত্র।

সরজমিনে দেখা গেছে, ঈদ বকশিশের নামে বাড়তি ভাড়া নেওয়ার নৈরাজ্য উপজেলার বাস, সিএনজি ও ইজিবাইকের স্ট্যান্ডগুলোতে। গফরগাঁও থেকে ভালুকাগামী বাসের স্বাভাবিক ভাড়া জনপ্রতি ৩০ টাকা। কিন্তু আদায় করা হচ্ছে জনপ্রতি ৬০ টাকা। গফরগাঁও-ময়মনসিংহের সিএনজি ভাড়া ৬শ টাকা, আদায় করা হচ্ছে ৮শ থেকে ১ হাজার টাকা। ২০ কিলোমিটার দূরত্বের গফরগাঁও থেকে ভালুকার সিএনজি ভাড়া ৩৬০ টাকা হলেও আদায় করা হচ্ছে ৫শ টাকা। গফরগাঁও থেকে ধলা বাজার, রসুলপুর ও দেওয়ানগঞ্জের সিএনজি ভাড়া ১৫০ টাকা হলেও সর্বোচ্চ ৭ কিলোমিটার দূরত্বের এসব জায়গায় যেতে ৩শ থেকে ৪শ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।