মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে লঙ্কাকাণ্ড!

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরাইল উপজেলার কুট্টাপাড়া ও সদর উপজেলার খাটিহাতা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বিশ্বরোড মোড়ে কালু কসাইর (৪৫) কাছে গরুর মাংস কিনতে আসেন পার্শ্ববর্তী সদর উপজেলার খাটিহাতা গ্রামের ধন মিয়া। মাংসে হাড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে কালু কসাই ছুরি দিয়ে ধন মিয়াকে আঘাত করেন। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর ও খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষ থামাতে অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।