খুলনায়  হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

আপডেট : ০৫ জুন ২০২২, ১৫:৪২

খুলনায় মিজানুর রহমান খান বাবলু হত‌্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (৫ জুন) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন। দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম মামুন নগরীর দৌলতপুরের পাবলা মধ্যপাড়া এলাকার আব্দুল মান্না‌নের ছে‌লে।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৩ অক্টোবর রাত ৮ টার দিকে মিজানুর রহমান খান বাবলুসহ আরও কয়েকজন খুলনা মহানগরীর দৌলতপুরের এ এস ট্রেডার্স নামে একটি গ্যাসের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ওই দোকানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে বাবলুর বুক ক্ষত-বিক্ষত হয়। এসময় আরও কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় বাবলুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফ আলী খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দৌলতপুর থানা এলাকার পাবলা মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে সিরাজুল ইসলাম মামুনকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় এ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা ও ৮ জন আসামির নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

২০০৬ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি) পরিদর্শক চিত্তরঞ্জন পাল উল্লিখিত আসামিদের নাম উল্লেখ করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগপত্র উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা  করেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী সা‌ব্বির আহ‌মেদ।

ইত্তেফাক/এমএএম